কক্সবাজারের উখিয়া মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হেড মাঝির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেন, বাসিন্দা পেঠান আলী ও নুর হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যাম্প ৪-এর হেড মাঝি মোহাম্মদ হোসেন পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা গ্রুপের সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে একজন মাঝিসহ তিনজন আহত হয়েছেন। ক্যাম্পে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।