ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পুড়ে অঙ্গার বোন

চট্টগ্রামের চন্দনাইশে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পুড়ে অঙ্গার হলেন মমতাজ বেগম (৫৫) নামে এক নারী। 

শুক্রবার (২২ জুলাই) হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তার ভাই মওলানা আবদুল হক (৫০) ও তার স্ত্রী জোহরা বেগম (৪০)। 

এছাড়া অগ্নিকাণ্ডে তাদের বাড়ির দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের নগদ অর্থ, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহত মমতাজ বেগম (৫৫) মওলানা আবদুল হকের বোন। তিনি ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আর্দশ পাড়ায়। তিনি মৃত বাদশা মিয়ার স্ত্রী। 

জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি পাড়া মওলানা আবদুল হক বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাড়ির সকল সদস্য নিরাপদে বের হতে পারলেও আবদুল হামিদের বোন মমতাজ বেগম বের হতে পারেননি। এতে ঘরের ভেতরে আগুনে পুড়ে অঙ্গার হয় মমতাজ বেগম। এছাড়া এতে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম বদন জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের একটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়রা প্রায় ১ ঘণ্টার চেয়ে বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, আগুন লাগার খবর মোবাইলে পাই। কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে জানানো হয় যে, আগুন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী প্রদান করেন ইউএনও নাছরীন আক্তার, সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক, ইউপি সদস্য শামসুল আলম বদনসহ প্রমুখ।