ভারতে বিরোধীদের ওপর ইডির খড়গ

ভারতের রাজনীতিতে এখন এক আলোচিত বিষয় আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কিংবা কেজরিওয়ালের আম আদমি পার্টির জন্য রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইডি।

ভারতব্যাপী ইডির চলমান তৎপরতার সর্বশেষ নজির দেখল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। টানা ২৭ ঘণ্টা জেরা করার পর পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ, শিক্ষামন্ত্রী থাকার সময় ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দলীয় এক সমাবেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-ইডি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব তীব্র সমালোচনা করে। এর পরের দিনই শুক্রবার রাজ্যের ১৩টি এলাকায় তল্লাশি অভিযান চালায় ইডি।

ভারতের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার ইডির মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, ‘ইডির তৎপরতা আগে কখনো দেখিনি। রাজনৈতিক নেতাদের হেনস্তা করা বিজেপির হাতিয়ার। বাংলায় বিজেপির কিছু নেই। বাংলায় বিজেপির শক্তি ইডি। গতকাল আমরা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছি। লড়াই শুরু হয়েছে। সেজন্য বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।’

এর আগে গত বৃহস্পতিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড পত্রিকার তহবিল তছরুপের অভিযোগে ইডির তলবে সেদিন সোনিয়া গান্ধী তার কন্যা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে ইডি কার্যালয়ে যান। পরে সেখানে ইডির পাঁচ সদস্যের একটি টিম সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওইদিন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫০টি প্রশ্ন তৈরি করা ছিল। 

কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সম্প্রতি কোভিড সংক্রমণ থেকে সেরে ওঠা সোনিয়া আরও সময় চেয়েও উপেক্ষিত হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। এর  প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভও করে কংগ্রেস। এ সময় দলটির নেতাকর্মীরা ‘ইডির অপব্যবহার বন্ধ কর’Ñ লেখা ব্যানার নিয়ে মিছিল করেন এবং বিভিন্ন সেøাগান দেন।

এ বছর মার্চে গরু ও কয়লা পাচারের বিষয়ে ইডির তলবে দিল্লিতে সংস্থাটির কার্যালয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে থেকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, কলকাতায় ইডির অফিস থাকতে তাকে কেন দিল্লিতে তলব করা হয়েছে।

এ বছরের ৩১ মে আর্থিক অনিময়ের অভিযোগে কেজরিওয়ালের আম আদমি পার্টির নেতা ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করে ইডি।