সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলা, মঠ, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে সর্বধর্মীয় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়ি নাগরিক মঞ্চ।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাবেক জেলা মাধ্যমিক কর্মকর্তা সাধন কুমার চাকমা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক সজল বরণ সেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, নারী অধিকার নেত্রী শাপলা দেবী ত্রিপুরা, লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সাংবাদিক আজিম উল হক, কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অপু দত্ত।

বক্তারা নড়াইলসহ বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন এবং মন্দির ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দেশের সব সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।