বন্ধুর ছেলের জন্মদিনে গিয়ে লাশ হলেন শিক্ষক

মৌলভীবাজারের কমলগঞ্জের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান লাইনের মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষক রঞ্জিত রাফায়েল মান্ডার (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বাগানের হাজারীবাগ গারোটিলার খ্রিস্টান পল্লীর একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। একই দিন ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে গিয়ে নিখোঁজ হওয়া কুয়েত প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

কমলগঞ্জে নিহত রঞ্জিত খ্রিস্টান পল্লীর আমেন আমরোশ মান্ডা ও সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বন্ধু পৌলিনুস মান্ডার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন রঞ্জিত রাফায়েল মান্ডা। গতকাল সকালে বন্ধুর বাড়িরন পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জিতের মুখম-ল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।’

এদিকে ঢাকার ধামরাইয়ে রাব্বি হোসেন (৩৪) নামে প্রবাসীর লাশ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার উপজেলার কাকরান এলাকায় বংশী নদীতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় রাব্বি। সে ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমরাইল এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে আসে একদল যুবক। এসময় তারা উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে নেচে গেয়ে হৈ-হুল্লোড় করছিল। একপর্যায়ে রাব্বি নৌকা থেকে নদীতে পড়ে গেলে তীব্র স্রোতের মধ্যে হারিয়ে যায়।