পটুয়াখালীতে টিকিট না পাওয়ায় গ্রিন লাইন পরিবহনের বাস কাউন্টার ম্যানেজারকে পেটানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র-১) মনির শরীফের বিরুদ্ধে।
শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউন্টার ম্যানেজার সঞ্জয় সরকার ওই কাউন্সিলরের বিরুদ্ধে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সঞ্চয় সরকার জানান, অনলাইন বুকিংয়ের মাধ্যমে টিকিট কেটে না রাখলে তাৎক্ষণিকভাবে অনেক সময় টিকিট দেয়া সম্ভব হয় না। কাউন্সিলর মনির শরীফ দু’দিন পূর্বে টিকিটের জন্য এসেছিলেন। তাকে অনলাইনে টিকিট বুকিং করার জন্য বলা হলেও তিনি তা করেননি। শনিবার রাতে এসে তিনটি টিকিট দাবি করেন। দিতে না পারায় গালাগালির একপর্যায়ে তিনি আমাকে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে না আসলে তিনি আমাকে মেরেই ফেলতেন।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মনির শরীফ বলেন, মারধর করা হয়নি। বুকিং দেয়া টিকিট না পেয়ে রাগের কারণে মৃদু গালমন্দ করেছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।