নাগরিকদের কাছে রুশ সেনাদের তথ্য চায় ইউক্রেন

জেপোরোজিয়ার এনেরহোদার শহরের বাসিন্দাদের রুশ সেনা আর তাদের সাহায্যকারী ‘দালালদের’ অবস্থান জানাতে বলেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া গুরুত্বপূর্ণ একটি শহরে ‘দখলদার’সেনাদের ঘাঁটি এবং তাদের থাকার জায়গা সম্বন্ধে জানতে নাগরিকদের দ্বারস্থ হয়েছে দেশটি। স্থানীয় যে বাসিন্দারা রুশ সেনাদের সহায়তা করছে তাদের নামধাম এবং ঠিকানাও দিতে বলেছে তারা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার সেনাদের ঘাঁটি ও তাদের থাকার জায়গা এবং কমান্ডিং স্টাফের থাকার জায়গার সুনির্দিষ্ট অবস্থান জরুরি ভিত্তিতে আমাদের জানান। স্থানীয় যে দালালরা শত্রুপক্ষে চলে গেছে এবং যাদের শত্রুপক্ষের প্রতি সহানুভূতি আছে তাদের থাকার এবং কাজ করার জায়গাসহ বিস্তারিত জানান।