এক ঝলকে

নতুন কিস্তিতে বোজম্যান স্মরণ

হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ব্ল্যাক প্যানথার’। এর নতুন কিস্তি ‘ওয়াকান্ডা ফরএভার’-এর ছবির প্রথম টিজার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিও। টিজারে স্মরণ করা হয়েছে প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যানকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যানথার’ সিনেমায় তিনি টি’চালা চরিত্রে অভিনয় করেছিলেন। টিজারে ওয়াকান্ডা সড়কের এক চিত্রকর্মে ফুটে উঠেছে বোজম্যানের চেহারা। এই দৃশ্য দেখে চোখ ভিজে গেছে বোজম্যানের ভক্তদের। ২ মিনিট ১১ সেকেন্ডের টিজারটিতে প্রায় সব তারকাকেই দেখানো হয়েছে। লুপিটা নিয়নগোর নাকিয়া চরিত্রটিকে তার ভালোবাসার মানুষ টি’চালার জন্য প্রায় পুরো ছবিতেই মন খারাপ করে থাকতে দেখা যাবে। অ্যাকুয়াটিক ওয়ারিয়র ‘নামর’ চরিত্রটিকে দেখা যাবে প্রথমবারের মতো। এই চরিত্রে অভিনয় করেছেন টেনোক হুয়েরটা। সুপারহিরো সিনেমার জগতে ব্ল্যাক প্যান্থার যোগ করেছে নতুন এক মাত্রা। কৃষ্ণাঙ্গ সংস্কৃতির ওপর ভিত্তি করে সুপারহিরো সিনেমাটি গতবারের মতো এবারও পরিচালনা করেছেন রায়ান কুগলার। ইতিহাস আর বাস্তবের মিশেলে ওয়াকান্ডিয়ান রূপকথাকে তিনি অসাধারণ রূপে। ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

হৃত্বিক-সাবাকে কটাক্ষ!

প্রেমের ক্ষেত্রে বয়স যে শুধু সংখ্যা সে কথা কয়েক মাস আগেই প্রমাণ করেছেন বলিউড তারকা জুটি হৃত্বিক রোশন ও সাবা আজাদ। একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি যেন দিন কাটছে দুজনের। কিন্তু তাতে কী! পিছু ছাড়ছে না কটাক্ষ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল দুই তারকাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন তারা। ঠিক এমন সময়ই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা জুটি। তবে সংকোচের কোনো লেশমাত্র নেই তাদের মধ্যে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে তারকা যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। অনেকেই তাদের জানিয়েছেন ভালোবাসা। কিন্তু একাংশের কাছে আগ্রহের বিষয় দুজনের বয়সের পার্থক্য। তাই তো নেটিজেনদের একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা হৃত্বিকের মেয়ে।’ অন্যজন আবার লিখেছেন, ‘বাবা-মেয়ে’। অনেকেই আবার লিখেছেন, ‘বাবা-মেয়েকে বেশ লাগছে’। এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে এই তারকা জুটির দিকে। বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন হৃত্বিক-সাবা। প্রেমিকের বাড়িতে আনাগোনা লেগে থাকে তার। রোশন পরিবারের ঘরোয়া আড্ডার পাশাপাশি বিভিন্ন দেশে ঘুরতেও যেতে দেখা যায় তাদের। তবে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনতে কোনো সংকোচ নেই তাদের মধ্যে।