স্ক্যানিং ছাড়াই গার্মেন্টস পণ্যের আড়ালে ঢোকে মদ

গার্মেন্টসের ভুয়া নাম ব্যবহার করে সেই গার্মেন্টস পণ্যের কথা বলে চট্টগ্রাম বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার বিদেশি মদ আমদানি করছে একটি চক্র। দুবাই থেকে আনা এসব মদের চালান চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন নামিদামি বারে। শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের ৩৭ হাজার বোতল বিদেশি মদ ও কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তারের পর গতকাল রবিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

গত শনিবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা ও গতকাল রবিবার সকালে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাজমুল মোল্লা (২৩), সাইফুল ইসলাম ওরফে সাইফুল (৩৪) ও আব্দুল আহাদ (২২)। এদিকে এ ঘটনার এক দিনের মাথায় গতকাল পলিয়েস্টার সুতার ঘোষণা দিয়ে চীন থেকে আনা আরও একটি মদের চালান আটক করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার টিম। সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে আব্দুল আহাদ চার-পাঁচবার এবং তার বাবা আজিজুর ইসলাম ১০-১২ বার দুবাই গিয়েছেন। ফলে আমাদের প্রাথমিক ধারণা, এসব মাদক দুবাই থেকে এসেছে। কাস্টমসের তদন্ত যারা করছেন তারাই বের করবেন কীভাবে স্ক্যানিং ছাড়া এসব মদ বন্দর থেকে বের করে ঢাকায় প্রবেশ করাল। মানি লন্ডারিংয়ের একটি বিষয়ও রয়েছে, সিআইডি সেটি তদন্ত করবে।