দাউদকান্দিতে লাশের পরিচয় শনাক্ত, হত্যাকারী গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এক যুবকের লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল।

এর আগে রবিবার মেঘনা-গোমতী সেতুর পূর্ব পাশের বালুমহাল এলাকায়  ড্রামট্রাকের ভেতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে লাশের পরিচয় বের করা হয়েছে।

নিহত মাইনুদ্দিন (১৮) চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের মা মোসা. লুৎফা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন।

পুলিশ জানায়, স্থানীয় এক ব্যবসায়ীর বালুমহালে ড্রামট্রাকের চালক হিসেবে কাজ করতো রাসেল। তার সহযোগী ছিল মাইনুদ্দিন। সম্পর্কে উভয়ে সৎভাই।

দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

ঘটনাটি ধামাচাপা দিতে লাশ গাড়িতে রেখে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে যায় রাসেল।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় মাইনুদ্দিনের হত্যাকারী সৎ ভাই রাসেল(২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল তার ভাইকে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে যে কোনো অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারে পুলিশ।