ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প নিহত ৪

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। শতাধিক ফিলিপিনো আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।    

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী বুধবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ডলোরেস শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রাজধানী ম্যানিলা থেকেও কম্পন অনুভূত হয়েছে।

লুজন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্টের কাছে রাজনৈতিক-পারিবারিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দুঃসংবাদ এলেও দুর্যোগে অসহায়দের সাহায্য করতে আমরা দ্রুত তৎপরতা নিশ্চিত করছি।’