নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের শোয়ার ঘরের মেঝে থেকে ২৪টি গোখরা সাপের বাচ্চা ও ১টি মা সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার বিকেলে গুরুদাসপুর উপজেলার পৌর সদরের আনন্দনগর এলাকায় কৃষক সৈয়দ আলীর শোয়ার ঘরে মেঝের মাটি খুঁড়ে সাপগুলো উদ্ধার করা হয়।
সৈয়দ আলী বলেন, গত সোমবার সকালে কৃষক সৈয়দ আলীর স্ত্রী মেঝে পরিষ্কার করতে গিয়ে সাপের খোলস দেখতে পান। সেই দিনই ভোর রাতে তার নাতনিকে সাপে কাটলে স্থানীয় ওঝা দিয়ে বিষমুক্ত করেন।
পরে স্থানীয়দের পরামর্শে সাপের উপদ্রব থেকে বাঁচতে খাটের নিচে কার্বলিক অ্যাসিড রেখে দেন।
বুধবার বিকেলে সৈয়দ আলী মেঝেতে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে তারা এসে ঘরের মেঝেতে কোদাল ও শাবল দিয়ে খুঁড়তে থাকলে একের পর এক গোখরা সাপের বাচ্চাগুলো বেরিয়ে আসে।
এ সময় মা সাপটিও বেরিয়ে আসে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে মা সাপসহ ২৫টি গোখরা সাপের বাচ্চা মেরে ফেলেন। পরে সাপগুলো মাটিচাপা দেওয়া হয়।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফজল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।