মানিকুইন অর্পিতা মুখোপাধ্যায়! গত কয়েকদিনে খবরের শিরোনামে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ কলকাতায় অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটিরও বেশি নগদ টাকা এবং কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ই এই টাকা অর্পিতাকে রাখতে দিয়েছিলেন।
যদিও এই মানিকুইন অর্পিতার আরও একটি পরিচয়ও রয়েছে। তিনি অভিনেত্রী ও মডেল। টালিউড ও উড়িয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। যদিও সিনেমা করে খুব বেশি জনপ্রিয়তা পাননি তিনি।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘পার্টনার’ সিনেমায় কাজ করেছেন অর্পিতা। যেই ছবিতে জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিক অভিনীত ‘মামে ভাগ্নে’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘জোর যার মুলুক তার’, ‘প্রেম রোগ’সহ আরও দু-একটি ছবিতে দেখা গেছে অর্পিতাকে। উড়িয়া ছবিতেও অভিনয় করেছেন অর্পিতা। কিন্তু সেভাবে পরিচিতি পাননি তিনি।
তবে অর্পিতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে, টলিউডের একাধিক অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে ছবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। নিজেকে আপডেটেড রাখতে বানিয়েছেন একাধিক রিলও। পাশাপাশি নিজের একাধিক মুহূর্তের ছবি দিতেন সোশ্যাল হ্যান্ডেলে।
জানা গেছে, নাকতলা উদয়ন সংঘের, যা পার্থ চট্টোপাধ্যায়ের পূজা নামে খ্যাত, সেই পূজার মুখ ছিলেন এই অর্পিতা মুখোপাধ্যায়। এই পূজার দৌলতেই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় এবং তারপরই ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে আসা। একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে এক পূজার উদ্বোধনে মঞ্চ শেয়ার করতে দেখা গেছে অর্পিতাকে। এই ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মুখ্যমন্ত্রী এ বিষয়ে সাফ জানিয়েছেন, কোন পূজার উদ্বোধনী অনুষ্ঠানে কে তার সঙ্গে এক মঞ্চ শেয়ার করেছেন কিংবা ছবি তুলেছেন, তা তার জানার বিষয় না। এ রকম ঘটনাতো কতোই হয়!
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলঘড়িয়ার রথতলা এলাকার একটি অভিজাত আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। একটি বাড়ি রয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে বিলাসবহুল আবাসনে গত কয়েক বছর ধরে থাকতেন অর্পিতা। বীরভূমে মিলেছে সম্পত্তির হদিসও।
তবে বেলঘড়িয়ার সাদামাটা বাড়ি থেকে টালিগঞ্জ ডায়মন্ড সিটির বিলাসবহুল আবাসনে ধূমকেতুর গতিতে উত্থানের কারণ খুঁজছেন ইডি কর্মকর্তারা। এই মুহূর্তে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে ইডি কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। জানা গেছে, তদন্তে সহযোগিতা করছেন মডেল অভিনেত্রী। তবে কান টানলে যে মাথা আসে, তার অপেক্ষায় রয়েছেন ইডি কর্মকর্তারা।