এক ঝলকে

‘ডক্টর হু’ অভিনেতা আর নেই

সাত দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে যবনিকা পড়ল। প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা বারনেড ক্রিবিনস ৯৩ বছর বয়সে মারা গেছেন। তার পরিবারের বরাতে খবর নিশ্চিত করেছে বিবিসি। বারনেড ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। অভিনয় করতেন তো বটেই, গাইতেন দারুণ। ১৯৭০ সালে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে চিলড্রেন’ সিনেমায় অভিনয় করে শিশুদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সত্তরের দশকে টিভি সিরিজ ‘দ্য ওমব্লেস’-এ কণ্ঠ দিয়ে তিনি শিশুদের কাছে আইকনিক এক চরিত্র হয়ে ওঠেন। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘ডক্টর হু’ অবলম্বনে নির্মিত সিনেমায় তার অভিনয় মনে রাখার মতো। ৪১ বছর পর ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ‘ডক্টর হু’ সিরিজেও অভিনয় করেন তিনি। ২০১৮ সালে বয়স যখন ৯০ ছুঁই ছুঁই, বারনেড তখন নিজের আত্মজীবনী প্রকাশ করেন। যার শিরোনামে যেন নিজের জীবনই এক কথায় প্রকাশ করেন অভিনেতা ‘বারনেড হু : সেভেনটি ফাইভ ইয়ারস অব ডুয়িং জাস্ট অ্যাবাউট এভরিথিং’। ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর ওল্ডহামে জন্ম বারনেডের। অনেক বছর মঞ্চে অভিনয়ের পর ১৯৫৭ সালে বড় পর্দায় অভিষেক হয় ‘ডেভি’ দিয়ে। ষাটের দশকে কমেডি সিনেমা ‘টু-ওয়ের স্ট্রেচ’ ও ‘ক্যারি অন’ সিরিজ দিয়ে প্রশংসা পান। ১৯৭২ সালে আলফ্রেড হিচককের ‘ফ্রেনজি’তেও দেখা যায় তাকে। সর্বশেষ ২০১৮ সালে তিনি অভিনয় করেন ‘প্যাট্রিক’ ছবিতে। গান, মঞ্চ, টিভি, চলচ্চিত্র মিলিয়ে সাত দশকের দীর্ঘ ক্যারিয়ার। তবে মানুষ তাকে বেশি মনে রেখেছে ৪১ বছরের ব্যবধানে ‘ডক্টর হু’তে দুই কাজের জন্য।

শমিতা-রাকেশের বিচ্ছেদ

বলিউড সুপারস্টার শিল্পা শেঠির বোন শমিতা শেঠিও কম জনপ্রিয় নন। গত বছর জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা। সবচেয়ে আলোচিত হয় একই শোয়ের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে তার প্রেম। কিন্তু সেই প্রেম আর বেশিদূর এগোল না। বছর না গড়াতেই ভেঙে গেল সম্পর্ক। আনুষ্ঠানিকভাবে দুজনই আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বলিউড বাবলের খবর, কয়েক দিন ধরে তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন চলছিল। কিন্তু বিষয়টি নিয়ে দুজনই চুপ ছিলেন। বেশিদিন চুপ করে থাকতে পারলেন না।  অবশেষে নীরবতা ভেঙেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট দিয়ে শমিতা ও রাকেশ সাফ জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কের ইতি ঘটেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে শমিতা লিখেছেন, ‘আমার মনে হয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালো। আমি আর রাকেশ এখন আর একসঙ্গে নেই। বহুদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিও সেই সব ভক্তের জন্য, যারা আমাদের ভালোবাসায় সিক্ত করে পাশে থেকেছেন। আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন, আশা করি আলাদাভাবে ততটাই দেবেন। সবার জন্য ভালোবাসা ও সম্মান।’ রাকেশের আগে শামিতার প্রেমের সম্পর্ক ছিল বলিউড অভিনেতা মনোজ বাজপায়ী, আফতাব ও উদয় চোপড়ার সঙ্গে।