জিম্বাবুয়েতেও পরীক্ষার সুযোগ নেই ওয়ানডেতে

উইন্ডিজের কথা দিয়ে কথা রাখেনি বাংলাদেশ। উইন্ডিজের চেয়েও জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ। আর এই সিরিজটিও সুপার লিগের অংশ না। তাহলে এবার কি বেঞ্চের ক্রিকেটাররা সুযোগ পাবেন? ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সরাসরি জানিয়ে দিলেন পুরো শক্তির দলই খেলবে। সিরিজের জন্য পরশু রাতে দেশ ছেড়েছেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-তাইজুল। বিমানবন্দরে সফরে সেরা দল সব ম্যাচে খেলানোর ইঙ্গিত দিয়ে গেলেন তামিম। পাশাপাশি বর্তমানে নতুন ও পুরনো ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন আপাতত থামানোর অনুরোধ রাখলেন, ‘আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানীং বেশি কথা হচ্ছে। ১৫ জনের মধ্যে যারা যোগ্য তারাই সুযোগ পাবে। সেরা একাদশ আমরা বেছে নেব।’

তামিমের চোখে গত দুই সিরিজে তরুণরা অনেক খেলার সুযোগ পেয়েছেন। নতুন কাউকেই দলে নেওয়া হয়নি। একই দল খেলছে উইন্ডিজ ও জিম্বাবুয়েতে (ওয়ানডেতে)। তাই সেরা দল বাংলাদেশের আছে এবং এখান থেকেই সেরা একদশ বাছাই হবে বলে জানান তামিম। তিনি যোগ করেন, ‘১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, পাড়ার কোনো খেলা না যে আমি একে-ওকে খেলালাম। যেই হোক, যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে। আর তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, আমাদের জন্য সবাই খুব খুব গুরুত্বপূর্ণ।’