পীরগঞ্জে কবর থেকে ২১ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী গোরস্তানের ২১টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

গতকাল শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে। দুপুরে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

স্থানীয়রা জানান, রাতে দুষ্কৃতকারীরা পীরডাঙ্গী গোরস্তানের ২১টি পুরনো কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। ক্রিকেট লেখতে গিয়ে গত শুক্রবার সন্ধ্যার আগে কিছু যুবক বিষয়টি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে গতকাল সকালে মানুষের ঢল নামে ওই গোরস্তানে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, পৌর মেয়র মুক্তিযোদ্ধা ইকরামুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা।

নারায়ণপুর গ্রামের কামাল হোসেন জানান, তার ছেলের কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে চোরেরা। জগথা গ্রামের শমসের আলী জানান, যেসব কবর খুঁড়ে কঙ্কাল নেওয়া হয়েছে, সেসব কবর এক থেকে আড়াই বছর আগের।

উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম জানান, তাদের পূর্বপুরুষের কবর আছে সেখানে। এ ধরনের ঘটনা আগে ঘটেনি। যেহেতু ঘটে গেছে আর যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের জানানো হয়েছে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ১৮টি পুরনো কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখা গেছে। চোরেরা তাদের পরনের কিছু কাপড় গোরস্তানে ফেলে গেছে। এ বিষয়ে মামলা নেওয়া হবে।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মানুষের কঙ্কাল নিয়ে যারা ব্যবসা করে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

জেলা প্রশাসক মাহাবুবুর রহমান জানান, সারা দেশে কঙ্কাল চোরের একটি চক্র আছে। এ ধরনের খবর মাঝেমধ্যে শোনা যায়। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।