শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বর্তমান যুগে শিক্ষার পদ্ধতি অনেক রকম। পাঠ্যপুস্তকগুলো সাধারণত আকর্ষণীয় হয় না। এজন্য পাঠ্যপুস্তক যাতে আরও প্রাঞ্জল হয় সেসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। অনেক অনিশ্চয়তা থাকলেও আমরা সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
গতকাল শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সায়েন্স ক্লাব আয়োজিত ৮ম জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষকের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু করে তোলা। শিক্ষার্থীদের ভেতরে জ্ঞানের পিপাসা জাগ্রত করে দিতে হবে। যদি এমনটা করা যায়, তাহলে শিক্ষার্থী নিজে নিজেই শিখতে আগ্রহবোধ করবে।’
‘গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাবি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত ৮ম জাতীয় গণিত অলিম্পিয়াড-২০২২-এ শ্রেণি বিভাজনের ভিত্তিতে অলিম্পিয়াডে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পৃথক সাতটি ক্যাটাগরি ছিল। এতে দেশের ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রথম পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ।