জাতীয় পরিচয়পত্র ভুল: জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’

দেশে জাতীয় পরিচয়পত্রে ভুল নাম, ভুল তথ্য প্রায়ই খবরের শিরোনাম হয়। তবে জন্মস্থানে দেশের নাম পরিবর্তন আগে দেখা যায়নি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজনের জাতীয় পরিচয়পত্রে দেশের নামে পাওয়া গেছে বিশাল ভুল। জনস্থান বাংলাদেশ লেখার বদলে সেখানে লেখা হয়েছে ‘ভেনেজুয়েলা’!

ভুল তথ্য সংবলিত এ জাতীয় পরিচয়পত্র নিয়ে চরম দুর্ভোগে আছেন এনআইডি কার্ডধারী শিউলি বেগম। যদিও নির্বাচন অফিস আশ্বাস দিচ্ছে খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

বড়লেখা পৌরশহরের বাসিন্দা ওই ভুক্তভোগী শিউলি বেগম বলেন, সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েছিলাম। সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমার জন্মস্থানের জায়গায় লেখা ভেনেজুয়েলা! বিষয়টি দেখার পর কী করব বুঝতে পারছি না।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে অনেক দিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে শেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে গত শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান বলেন, আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি দ্রুতই তা সমাধান হয়ে যাবে।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু বড়লেখা উপজেলা নয়, দেশের অন্য জেলা-উপজেলায়ও এ রকম অসংখ্য ভুল তথ্য সংবলিত জাতীয় পরিচয়পত্র নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো নাগরিক। এসব ভুল তথ্যের কারণে সাধারণ নাগরিকরা শিকার হচ্ছেন চরম ভোগান্তির। সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক হতদরিদ্র মানুষ।