পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৪ শতাধিক

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

মামলায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়।

ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো. জসিম বাদী হয়ে পুলিশের উপর হামলার এবং স্বেচ্ছাসেবক কর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের করেন।

এতে ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

উল্লেখ্য,রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।