স্কুলের সভাপতি আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সাঁথিয়ায় শিক্ষকদের গালাগালের প্রতিবাদ

পাবনার সাঁথিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের বিরুদ্ধে শিক্ষকদের গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঐ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, সম্প্রতি কোনো প্রকার সরকারি অনুমতি না নিয়ে বিধিলঙ্ঘন করে বিদ্যালয়ের সীমানা ঘেঁষে মার্কেট ও প্রাচীর নির্মাণকাজ শুরু করে স্থানীয় একটি চক্র। এ সময় আমি ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা প্রধান শিক্ষক ফেরার পর কাজ করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান তার সহযোগীদের নিয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পরিবার তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তার মারমুখী আচরণে বিদ্যালয়ের শিক্ষকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

আজিবর রহমান আরও বলেন, শিক্ষকদের অপমানের প্রতিবাদে মানববন্ধন করছি। জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়নাল হক বলেন, তপন হায়দার সান প্রধান শিক্ষককে যেখানে পাবেন সেখানেই মারার হুমকি দেন।

শিক্ষকদের গালিগালাজের বিষয়টি অস্বীকার করে বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান বলেন, শিক্ষকরা অযথাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। যেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে সেটি মন্দিরের নামে লিজ নেওয়া।