সৌদি আরবের তাবুক প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সোমবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত তাবুকের চেম্বার অব কমার্সের সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরির সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান।
জাবেদ পাটোয়ারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অনুরোধ করেন।
চেম্বার সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরি সৌদি আরবের নিওম সিটি প্রকল্প ও রেড সি প্রকল্পের সুবিধাজনক খাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন বলে জানান। চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ সৌদি আরবে কেবল একটি অভিবাসী কর্মী প্রেরণকারী দেশই নয়; বরং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে, যা আমাদের কাজে লাগাতে হবে।