বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী (বালুন্ডা) জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণের বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তি বেনাপোলের পুটখালী গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে। জব্দ স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম।
এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল তানভীর আহম্মেদ (পিএসসি) জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ তাকে আটক করে।
জব্দ করা স্বর্ণের বার এবং মোটরসাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।