চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে, কনস্টেবল আরিফ হোসেন, মোবারক হোসেন ও ড্রাইভার জহির আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ঢাকা থেকে আসামি নিয়ে একটি প্রিজনভ্যান কক্সবাজার যাচ্ছিল। বড়তাকিয়া এলাকায় এক মানসিক প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হঠাৎ গাড়ি থামালে পেছনে থাকা একটি বাস, তার পেছনে আসামি বহনকারী প্রিজনভ্যান ও তার পেছনে থানার একটি গাড়ি ও এর পেছনে থাকা পুলিশের আরেকটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এসময় অন্যান্য গাড়িতে থাকা যাত্রী-চালকদের তেমন ক্ষতি হয়নি। তবে জোরারগঞ্জ থানার গাড়িতে থাকা পুলিশের একজন এসআই ও তিন কনস্টেবল আহত হন।