সাতক্ষীরার নতুন এসপি কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হয়েছেন কাজী মনিরুজ্জামান (পিপি এম বার)। বুধবার (৩ আগস্ট) সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গিবাদমুক্ত সাতক্ষীরা গড়তে নিরলসভাবে কাজ করবেন তিনি। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। 
তিনি বলেন, সাতক্ষীরাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার বাবা অসুস্থ, সুস্থ হলে আগামী তিন-চার দিনের মধ্যেই সাতক্ষীরাতে যোগদান করব।

এর আগে তিনি ফেনীর পুলিশের পুলিশ সুপার ছিলেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় তাকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।

কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।