নেত্রকোনায় সোয়া কোটি টাকার মাদক ধ্বংস

নেত্রকোনায় বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রায় সোয়া কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের কার্যালয়ে এমটি পার্কে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- আট হাজার ৯৭৪ বোতল বিভিন্ন প্রকার মদ, ৬৬ বোতল বিয়ার, ২৫৭ বোতল ফেনসিডিল, ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস সেনেগ্র/ভায়াগ্রা ট্যাবলেট। এসব মাদকদ্রবের মূল্য এক কোটি ৩৭ লাখ ২৫ হাজার তিনশো টাকা।

এ অনুষ্ঠানে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া বলেন, ২০১৭ সালের ডিসেম্বর হতে চলতি বছরের মে মাস পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) বিজিবির সদস্য মালিকবিহীন এসব ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এসএম মশিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন, পরিবেশ দফতরের সহকারি পরিচালক সাবিকুন্নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মো. আলী হায়দার রাসেল, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র-১ মো. মহসিন আলম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্বে) মো. ফারুক আহমেদ, বিজিবির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।