জুয়াড়ী ইস্যুতে ফের বিতর্কে সাকিব: যা বললেন বিসিবি সভাপতি

জুয়াড়ীদের প্রস্তাব গোপন রাখার জেরে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন সাকিব আল হাসান। সে নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত বছরের অক্টোবরে। তবে আরও এক বছর যেতে না যেতেই জুয়াড়ী ইস্যুতে তিনি ফের জড়িয়েছেন বিতর্কে। ব্যাটিং সাইট হিসেবে পরিচিত ব্যাটউইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। গত মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে সাকিব নিজেই নিশ্চিত করেছেন। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে এই ধরণের কোনো কিছুর সঙ্গে সাকিবকে চুক্তিবদ্ধ হওয়ার অনুমতি দেবে না বিসিবি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড মিটিং শেষে এ বিষয়ে প্রশ্ন তুলেন গণমাধ্যমকর্মীরা। উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন বিষয়টি সত্য হলে বোর্ড সেটা কোনোভাবেই অনুমতি দেবে না।

বোর্ড মিটিংয়ে আলোচনার বিষয় ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে। সভা শেষে বোর্ড সভাপতি আলোচনার বিষয় নিয়েও কথা বলেন। তবে সাংবাদিকদের প্রশ্নের পর্ব ছিল শুধুই জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। এক পর্যায়ে একাধিক সাংবাদিক সাকিবের ব্যাটিং সাইটের অ্যাম্বাসেডর হওয়া নিয়েও প্রশ্ন তুলেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি পাপন বলেন, যদি চুক্তির বিষয়টি সত্যি হয়ে থাকে তবে আমরা কোনোভাবেই অনুমতি দেব না। কারণ বাংলাদেশের আইনে ব্যাটিং বৈধ না। তবে তার আগে আমাদেরকে জানতে হবে ঘটনাটা সত্য কি না। সাকিবের সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে চাই না।’

সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে তা নিশ্চিত করেছেন এমনটি জানালেও পাপন বলেন, শুধু একটি ফেসবুক পোস্টের ওপর নির্ভর কোনো মন্তব্য করাটা সাকিবের সঙ্গে অবিচার হবে। তার চেয়ে ভালো আমরা এ নিয়ে সাকিবের সঙ্গে কথা বলব এবং বিষয়টি যাচাই-বাছাই করে দেখি।