টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে জিম্বাবুয়ে। বাংলাদেশ তো বটেই, টেষ্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটা তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। তাই একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরুর আগে মানসিকভাবে এগিয়েই থাকবে দলটি। তাই তরুণদের যেন ঝালিয়ে নিতে চাইল দলটি। যেমনটা টি-টোয়েন্টি সিরিজ শুরুর পূর্বে চেয়েছিল টাইগাররা।
আজ বেলা সোয়া ১টায় হারারেতে সিরিজেরর প্রথম ম্যাচটি শুরু হবে। তার আগে রেজিস চাকাভাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন।
ঘরের মাঠে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। সেই সিরিজ থেকে বেশ কয়েকজন খেলোয়াড়ই বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে আরভিন ছাড়াও আছেন ডোনাল্ড তিরিপানো, তানাকা চিভাঙ্গা, ব্লেসিং মুজারাবানিও।
দলে ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ওয়েলিংটন মাসাকাদজা। এ বছরের জানুয়ারির পর এই প্রথম তিনি ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।
ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, টাকুদজোওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনাগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা ও সিকান্দার রাজা।