লোডশেডিং ও বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, তারা পদে পদে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
এতে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক ফয়েজ উল্লাহ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, সদস্য ফজলে ইলাহি রুবেল, জয়নাল আবেদীন মাজহারি, শাহ আলম মন্টু, শাহ জালাল সাদি, সাইফুল ইসলাম, এস এম নুর আলম, মো. সফিউল মিরাজ, সানজিদা প্রমুখ। বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।