পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাহাত খান রুবেলকে (৩২) শুক্রবার রাতে পুলিশ আটক করেছে।
তিনি তাড়াশ পৌর এলাকার খানপাড়া মহল্লার বেল্লাল হোসেন খানের ছেলে ও তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের ভাতিজা।
এ বিষয়ে শনিবার সকালে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে তাড়াশ-রাণীরহাট সড়কের বারুহাস বেরখালি নামক স্থানে ছিনতাইয়ের চেষ্টাকালে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
ওসি আরও বলেন, নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে তিন কিশোর এ দিন সন্ধ্যার পরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
তারা ওই এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল রোধ করে রাহাত নিজেকে পুলিশের এসআই (উপপরিদর্শক) বলে পরিচয় দিয়ে তাদের বলেন- তোমাদের কাছে মাদক আছে। হয় আমার সঙ্গে থানায় চলো, নয়তো টাকা দাও। এ বলেই তিনি তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। তখন মোটরসাইকেল আরোহীরা বলেন তাদের কাছে টাকা নেই। বাড়িতে ফোন করে টাকা আনতে হবে। এই বলে বাড়িতে কল করার অজুহাতে ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের ফোন পেয়ে তাড়াশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং রাহাতকে আটক করে।
এ সময় রাহাতের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী জানান, আটকের বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা কেউই আমার ফোন রিসিভ করেনি। ফলে এ বিষয়ে কোনো কথা বলা সম্ভব হয়নি।