মহেশখালীতে জনপ্রতি স্পিডবোট ভাড়া বেড়েছে ৫৫ টাকা

মহেশখালী-কক্সবাজার নৌপথে প্রশাসনের ঘোষণা ছাড়াই স্পিডবোটে জনপ্রতি ৮৫ টাকার পরিবর্তে ১৪০ টাকা করে ভাড়া আদায় করছে চালকেরা। তেলের দাম প্রতি লিটারে ৪৫ টাকা বাড়লেও শনিবার তারা জনপ্রতি ভাড়া বাড়িয়েছে ৫৫ টাকা।

চরম ভোগান্তিতে পড়া যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

মহেশখালীর বাসিন্দা শাহাবুদ্দিন জানান, কোনো ঘোষণা ছাড়া অতিরিক্ত ভাড়া বাড়ানো অযৌক্তিক। প্রশাসন কর্তৃক ভাড়া নির্ধারণ করে দেওয়া উচিত। 

গিয়াস উদ্দিন বলেন, ১৪০ টাকা কে বা কারা ভাড়া নির্ধারণ করছে জানতে চাইলে কেউ বলে না বরং চালকেরা বলেন উঠলে ওঠেন না হলে অন্য চেষ্টা করেন। নিরুপায় হয়েই ১৪০ টাকা দিয়েই আসতে হল।

এ বিষয়ে ঘাটের দায়িত্বে থাকা এক ব্যক্তি (নাম  প্রকাশে অনিচ্ছুক) বলেন, তেলের দাম সরকার বাড়িয়েছে ফলে আমাদেরও ভাড়া বাড়াতে হয়েছে। এতে আমাদের করার কিছু নেই।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানালে বোট-মালিক শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে মহেশখালী উপজেলা প্রশাসন। সেখানেই নতুন করে ভাড়া নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন বলেন, স্পিডবোট মালিক শ্রমিকদের নিয়ে সকাল থেকেই আলোচলা চলছে। নতুন করে ১২০ টাকা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।