কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না ফিফা। ভারতে সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ফুটবলের এ নিয়ামক সংস্থা। ফলে আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রতিযোগিতা না নামতে পারাসহ মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কায় পড়েছে ভারত।
ফিফা এএফসি তাই চিঠি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সুনন্দ ধরকে। সেই চিঠির পরেই ভারত থেকে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই বছর অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু সেই প্রতিযোগিতা আদৌ আয়োজন করতে পারবে ভারত? ফিফা এবং এএফসি যৌথ ভাবে চিঠি দেওয়ায় তৈরি হয়েছে সংশয়। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পর নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু ফিফার চিঠি নতুন করে আশঙ্কা তৈরি করে দিয়েছে।
ফিফা ও এএফসি চিঠি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে। সেই চিঠির পরেই ভারত থেকে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আদালত যে রায় দিয়েছে তা-ও চেয়ে পাঠানো হয়েছে ফিফার তরফে।
কিছু দিন আগে ফিফা এবং এএফসির প্রতিনিধিরা দিল্লিতে এসেছিলেন। সেখানে রাজ্য সংস্থা, বিভিন্ন আধিকারিক এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলেন তাঁরা। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন জটিলতার বিষয়ে জানার পর তাঁরা জানিয়েছিলেন, ৭ অগস্টের মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া শেষ করতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন।