সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে মোতালেব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালকের বাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা তার একটি টিনের ঘর ভাঙচুর করে খাদে ফেলে দিয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভ্যানচালক মোতালেব হোসেন বলেন, তার ৪ শতক পৈতৃক জমির ওপর বসবাসের জন্য তিনি একটি টিনের ঘর তোলেন। এ ঘর তোলার পর থেকে প্রতিবেশী নজরুল ইসলাম ওই জমির মালিকানা দাবি করে তাকে বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি করে আসছে। এ নিয়ে গত শুক্রবার বিকেলে সালিশ বৈঠক হয়। কাগজপত্র পর্যালোচনা করে ও মাপজোকের পর মাতবররা ওই জায়গা তার বলে তাকে বুঝিয়ে দেয়। কিন্তু তাদের এ রায়কে অমান্য করে নজরুল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এদিন দুপুরে অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে ঘরের সব টিন নষ্ট করে ফেলে এবং ঘর ভাঙচুর করে পাশের খাদে ফেলে দেয়। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, আমার জায়গা বুঝিয়ে না দিয়ে ঘর তোলায় তার ঘর ভেঙে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।