হয় ডট নয়তো বাউন্ডারি। এভাবে পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভারে তামিম ইকবাল ও আনামুল হক ডট খেলেছেন ৪০টি বল! যার অধিকাংশটা জুড়ে ব্যাট করেছেন অধিনায়ক তামিম।
পাওয়ার প্লেতে বাংলাদেশ রান বিনা উইকেটে ৬২ রান সংগ্রহ করেছিল। এর ৫০ রানই আসে বাউন্ডারি থেকে। এসময় বাংলাদেশ খেলে ৪০টি ডট বল। যার মধ্যে ৩০টি ডট বল আসে অধিনায়ক তামিমের কাছ থেকে। বাকি ১০টি ডট খেলেন আনামুল।
এদিন বাংলাদেশের ইনিংসের সূচনাটাও ডট বল দিয়েই হয়। প্রথম দুই বলই ডট খেলেন তামিম। তৃতীয় বলে চার মেরে টাইগারদের রানের খাতা খুলেন। এভাবে প্রতিটি ওভারেই ডট বল খেলেছেন, বাউন্ডারি মেরে রান তুলেছেন। পঞ্চম ওভার থেকে তুলে নেন ১৪ রান। সেই ওভারে একটি ছক্কাও আসে তামিমের ব্যাট থেকে। ৪৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পথে তামিমের ব্যাট থেকে ১০ চার ও এক ছক্কা। অর্থাৎ ৪৬ রানই বাউন্ডারি থেকে।
একমাত্র সপ্তম ওভারে কোনো ডট বল খেলেননি টাইগার অধিনায়ক। সে ওভারে বিজয় খেলেন চারটি ডট বল। এ ছাড়া প্রতিটি ওভারেই একাধিক ডট বল খেলেছেন তামিম। দ্বিতীয় ওভারে সর্বোচ্চ ৫টি ডট খেলেন তামিম। এছাড়া প্রথম তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম ওভারে ৪টি করে ডট বল খেলেন তিনি। চতুর্থ, পঞ্চম ও নবম ওভারে খেলেন ৩টি করে ডট।