বান্দরবানে নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে চালু হলো ভিকটিম সাপোর্ট সেন্টার।
গতকাল রবিবার সকালে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে সেন্টারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এসআইডি, সিএইচটি, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, রেজা সরোয়ার, নাজিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, ইউএনডিপির জেলা সমন্বয়ক খুশিরায় ত্রিপুরা, সদর থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্যাতিত নারী ও শিশুরা এই সাপোর্ট সেন্টারে সহযোগিতা নিতে পারবেন। যারা অপরাধ করবে তাদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার আতঙ্কের বিষয়। নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টারে সহযোগিতা পাবে।
তিনি আরও বলেন, অনেক সময় ব্যস্ততা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে ক্ষতিগ্রস্তদের থানায় সহযোগিতা পেতে বিলম্ব হয়। সময়ক্ষেপণের কারণে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের শিকার হতে হয়। নারী ও শিশুদের এসব দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে এ ভিকটিম সাপোর্ট সেন্টার।