দুর্বৃত্তদের হামলায় জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল আহত হয়েছেন। গত শনিবার রাত ১২টার দিকে শহরের আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল পড়াশোনা করেন। রাত ১২টার দিকে হেলমেট পরা অজ্ঞাত এক ব্যক্তি রাসেলকে খোঁজ করে ও তাকে ছাত্রাবাসের বাইরে আসতে বলে। এ সময় রাসেল ছাত্রাবাসের বাইরে গেলে পাঁচ-সাতজন দুর্বৃত্ত তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ফেলে রেখে যায়। ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ‘খবর পেয়ে রাতেই ওই ছাত্রাবাস এলাকায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা আসেনি, লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।’