কলকাতার সুপারস্টার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ইদানীং বেশি চর্চিত। বিশেষ করে তার প্রেমের সম্পর্ক নিয়ে। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপ থেকে ছবি শেয়ার করেছিলেন। তখনই প্রশ্ন উঠেছিল, বারবার কার সঙ্গে বিদেশে ভ্রমণে যান শ্রাবন্তী? জোর গুঞ্জন, অভিনেত্রীর ভ্রমণসঙ্গী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাকি এই ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন নায়িকা। এখানেই শেষ নয়, অভিরূপকে একটি হিরের আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী- এমন খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন এই তারকা। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তারা ‘বিশেষ বন্ধু’। অভিরূপ সব সময় তার পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী। তিনি আরও বলেন, ‘অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের খেয়াল রাখে। বন্ধু হিসেবেও এমন একজন, যার কাছে মনের কথা খুলে বলা যায়। কেবল অভিরূপ নন, তার পরিবারের সঙ্গেও জড়িয়ে গেছি। তার পরিবার ও বন্ধুরাও আমার পাশে থাকে। সবমিলিয়ে ভালো আছি। তবে তাকে জিম করতে বললেও করে না। যেটা আমার খারাপ লাগে।’ সাক্ষাৎকারে শ্রাবন্তী কথা বলেন অনলাইনে তাকে নিয়ে নানা ব্যঙ্গ-বিদ্রƒপ প্রসঙ্গেও, ‘বিদ্রুপকারীদের নিয়ে বিশেষ ক্ষোভ নেই।’ ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। ২০১৯ সালের জানুয়ারিতে সে সংসারও ভেঙে যায়। একই বছরের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। ২০২০ সালে আলাদা হয়ে যান তারা।