যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক জলবায়ু বিল পাস

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ওষুধের দাম কমানো ও কিছু করপোরেট ট্যাক্স বাড়ানোর লক্ষ্যে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। গত রবিবার যুক্তরাষ্ট্রের সিনেট ৪৩ হাজার কোটি ডলারের এই বিল পাস করে। এই বিল পাস হাওয়ার বিষয়টিকে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি আশা করছে, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে এই বিল পাসের বিষয়টি ডেমোক্র্যাটদের সুবিধা দেবে। সিনেটে বিলটির ওপর ২৭ ঘণ্টা বিতর্ক হয়। বিলটি যাতে পাস না হয়, সে জন্য জোর প্রচেষ্টা চালান রিপাবলিকানরা। তবে শেষ পর্যন্ত বিলটি সিনেটে ৫১-৫০ ভোটে পাস হয়। বিলটি পাসের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘টাইব্রেকিং’ ভোট দেন। বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। বিল অনুমোদনে আগামী শুক্রবার প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে। প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পরে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য বিলটি হোয়াইট হাউজে পাঠানো হবে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সইয়ের মাধ্যমে বিলটিকে আইনে পরিণত করতে তিনি মুখিয়ে আছেন। বিলটি পাস হওয়ায় সিনেটের ডেমোক্র্যাটদলীয় সদস্যরা উল্লাস প্রকাশ করেন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার। তিনি বলেছেন, ‘সিনেট ইতিহাস রচনা করছে।’ চাক শুমার আরও বলেন, ‘কংগ্রেস বড় কিছু করতে পারে; এই বিশ্বাস যেসব আমেরিকান হারিয়ে ফেলেছে, বিলটি তাদের জন্য।’ বিলটি আমেরিকাকে বদলে দিতে যাচ্ছে। বিলটিতে আমেরিকার ইতিহাসের সবচেয়ে সাহসী পরিবেশবান্ধব জ্বালানি প্যাকেজ রয়েছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে। এই বিল জ্বালানি ও কিছু ওষুধ ক্রয়ে ভোক্তার ব্যয় কমাবে। বিলটির বিষয়ে রিপাবলিকান সিনেটররা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিনেটে তাদের তীব্র আক্রমণের শিকার হয়েছেন ডেমোক্র্যাটরা। আইনটির মাধ্যমে জলবায়ু খাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হবে। তাছাড়া স্বাস্থ্য খাতেও আসবে ব্যাপক পরিবর্তন, কমবে বাজেটের ঘাটতি। কারণ করপোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে। আইনটি চূড়ান্ত রূপ পেলে ১০ বছরে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সরকারি রাজস্ব বাড়বে। কার্বন নির্গমন কমাতে ও স্বাস্থ্য খাতে ব্যবহার করা হবে ৪৩০ বিলিয়ন ডলার এবং ঘাটতি কমাতে বাকি নতুন রাজস্ব ব্যবহার করা হবে।