৮ জুলাই টেস্ট ক্রিকেটে পা রেখেই আলো ঝলমলে পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেন প্রবাথ জয়াসুরিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসে নেন ৬টি করে উইকেট। অভিষেকে কোনো বাঁহাতি স্পিনারের সর্বোচ্চ উইকেট ইতিহাসে। এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই অন্তত পাঁচ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েন। ওই ম্যাচে তার প্রাপ্তি ছিল ৯টি। দ্বিতীয় টেস্ট জয়ে তিনি নেন ৮ উইকেট। দুটি সিরিজই সমতায় শেষ করে শ্রীলঙ্কা। তিন টেস্টে ২০.৩৭ গড়ে ২৯ উইকেট শিকারি সেই জয়াসুরিয়া আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। জনি বেয়ারস্টো ও ফ্রান্সের সবচেয়ে কমবয়সী টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান গুস্তাভ ম্যাকঁকে পেছনে ফেলেছেন তিনি। নারী ক্রিকেটে জুলাইয়ের সেরা ইংল্যান্ডের এমা ল্যাম্ব। জুলাইয়ে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ তে হোয়াইটওয়াশ করায় বড় অবদান রাখেন। প্রথম ম্যাচে তিনি করেন সেঞ্চুরি, ১০২। পরের দুই ম্যাচে খেলেন ৬৭ ও ৬৫ রানের ইনিংস। শেষ ম্যাচে তিন উইকেটও নেন তিনি।
গত বছর থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের গড়া আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। সেরার রায়ে ভোটিং অ্যাকাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।