সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আম্পায়ার রুডি কোয়ের্টজেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার রিভারডেলে এক দুর্ঘটনায় তিন সঙ্গীসহ নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার আম্পায়ারিং করতে নেমেছিলেন।
দক্ষিণ আফ্রিকার আলগোয়া এফএম নিউজকে কোয়ের্টজেনের ছেলে রুডি কোয়ের্টজেন জুনিয়র জানিয়েছেন দুর্ঘটনাস্থলেই মারা গেছেন কোয়ের্টজেন সিনিয়র।
কোয়ের্টজেনের ছেলে আরও জানান তাঁর বাবার একদিন আগেই বাড়ি ফেরার কথা ছিল, ‘কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি একটি গলফ প্রতিযোগিতায় গিয়েছিলেন। সোমবারই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু আরেক রাউন্ড গলফ খেলতেই থেকে গিয়েছিলেন তাঁরা।’
১৯৪৯ সালে ২৬ মার্চ কেপ প্রভিন্সের কেনিসনায় জন্মগ্রহণ করা কোয়ের্টজেন রেলওয়েতে কেরাণির চাকরির পাশাপাশি স্থানীয় লিগ ক্রিকেটে খেলতেন। খেলা ছেড়ে ১৯৮১ সালে আম্পায়ারিংয়ে আসা কোয়ের্টজেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করেন ১৯৯২ সালে ৯ ডিসেম্বর। পোর্ট এলিজাবেথে সেই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল ভারত। ওই সিরিজেই টেস্টেও অভিষেক হয় তাঁর। ওই সিরিজেই প্রথম টিভি আম্পায়াররা রানআউটের সিদ্ধান্ত নিয়েছিলেন।
১৯৯৭ সালে আইসিসির পূর্ণকালীন আম্পায়ার হওয়া কোয়ের্টজেন ১০৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে, ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ১টি মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার ছিলেন। এ ছাড়া টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন আরও ৬৬টি আন্তর্জাতিক ম্যাচে।
সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা রেকর্ড নিয়েই অবসরে গিয়েছিলেন কোয়ের্টজেন। পরে তাঁর ৩৩১ ম্যাচের রেকর্ড ভাঙেন পাকিস্তানের আলিম দার।