যুবদল নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগ করে তার স্ত্রী লুৎফুন নাহার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, দুই এসআই এমরান হোসেন ও নারায়ন চন্দ্র দাস, ডিএসবি কর্মকর্তা হাবীবুর রহমান ও দুই সাক্ষী সাব্বির হোসেন এবং মো. সৈকতের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

বুধবার দুপুরে ফেনী সদর আমলী আদালত-১ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের নিকট দায়ের করা মামলায় তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছেন।

এ আবেদনের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় আদালত পুলিশ পরিদর্শক পদমর্যাদার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতি জানাতে বলেছে। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা ও মামলার আইনজীবি ইউসুপ আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) মডেল থানা পুলিশ গত ২২ জুলাই রাজধানীর পল্টনের বিজয় নগর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গ্রেফতার করে।

পুলিশের ভাষ্য মতে, পরে তার দেওয়া তথ্যমতে তার শহরের রামপুরের বাসা থেকে রাত ১টার সময় ফেনী মডেল থানা পুলিশ পুরনো খবরের কাগজে মোড়ানো একটি কালো রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং দুটি লম্বা ছোরা উদ্ধার করে। পরবর্তীতে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করে।

তবে এ অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে জাকির হোসেন জসিমের পরিবার। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও বিএনপি।

এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাতে স্পষ্ট ঘটনাটি সম্পূর্ণ চক্রান্ত বলে দাবি করেন লুৎফুর নাহার।