ইউরোপের অধিকাংশ দেশের মতো ব্রিটেনেও গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। গত ১৯ জুলাই তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এটি ২০১৯ সালের সর্বোচ্চ রেকর্ড ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গেছে। বিপদের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কেননা ৯ আগস্ট ব্রিটেনের আবহাওয়া অফিস আগামী দিনে আরও চরমভাবে তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করেছে।
দেশটিতে গরম আবহাওয়ার ওপর ভিত্তি করে কোনো ব্যবস্থা তেমনভাবে গড়ে ওঠেনি। ইংল্যান্ডের মাত্র ২ শতাংশ বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। অনেক বাড়িতে, বিশেষ করে ফ্ল্যাটগুলো অতিরিক্ত গরম হয় কারণ তাদের বায়ু চলাচল ব্যবস্থা দুর্বল এবং সূর্যের তাপ প্রবেশ করে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ইংল্যান্ড ও ওয়েলসে অতিরিক্ত মৃত্যু, আগের সব রেকর্ডের তুলনায় অনেক বেশি। গত ২৯ জুলাই শেষ হওয়া দুই সপ্তাহের হিসেবে স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সময়ের মধ্যে ৩ হাজার ৫৮ অতিরিক্ত মৃতের সংখ্যা নিবন্ধন করা হয়েছে সেখানে। সম্প্রতি ইউরোপের অন্যান্য অংশেও অতিরিক্ত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। পূর্ববর্তী অভিজ্ঞতা বলে যে উচ্চ তাপমাত্রা মৃত্যুর একটি বড় কারণ। অতিরিক্ত তাপপ্রবাহ শ্বাসযন্ত্রের সমস্যা বা হৃদরোগের মতো অবস্থাকে আরও জটিল করে তোলে। ইউরোপে ২০০৩ সালের তাপপ্রবাহ, মহাদেশজুড়ে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যুতে প্রভাব ফেলে।
এভাবে মৃত্যুর কারণ ও প্রভাব আলাদা করা কঠিন। মৃত্যু সনদে স্পষ্টভাবে ‘তাপ’ উল্লেখ না করলে তা মৃত্যুর নির্দিষ্ট কারণ কিনা অবিলম্বে জানার খুব কম উপায় রয়েছে। কিন্তু এটা স্পষ্ট যে, কভিড-১৯; যা সম্প্রতি কয়েক বছরে বহু মানুষের মৃত্যুর কারণ। তবে এটি তুলনীয় নয়। যদিও গত দুই সপ্তাহ ধরে ইংল্যান্ড ও ওয়েলসে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ২০২১ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণ। যেখানে অতিরিক্ত আটশ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে কারও মৃত্যু তাপ দ্বারা ত্বরান্বিত হতে পারে।
অন্যান্য কারণ থেকে গরম আবহাওয়াকে পৃথক করার জন্য পরিসংখ্যানগত মডেলিং ব্যবহার করে ‘তাপজনিত মৃত্যু পর্যবেক্ষণ’ প্রতিবেদন দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। বার্ষিক প্রতিবেদনে দেখা যায় যে, ২০২০ ও ২০২১ সালে তাপপ্রবাহ ইংল্যান্ডে গড়ে ২ হাজার ৯৫ জন মানুষের মৃত্যুতে প্রভাব ফেলেছিল। এটি ২০১৬ ও ২০১৯ এর মধ্যে পর্যবেক্ষণ করে বের করা সংখ্যার চেয়ে দ্বিগুণ।