ছয় মাস পর বেওয়ারিশ কবরস্থানে স্বামীর সন্ধান

হবিগঞ্জ থেকে ৬ মাস আগে নিখোঁজ হন মুকলেছ মিয়া (৪৪)। গত ৬ মাস বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। অবশেষে গত সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় বেওয়ারিশ কবরস্থানে গিয়ে তার সন্ধান পেয়েছে পরিবার। মুকলেছ মিয়া হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কন্যাজুরি গ্রামের মৃত উম্বর আলীর ছেলে। আশুগঞ্জে কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন তিনি।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সহায়তায় সোমবার জেলার একমাত্র ওই বেওয়ারিশ কবরস্থানে গিয়ে মুকলেছ মিয়ার পরিচয় জানতে পারেন তার স্ত্রী আছিয়া খাতুন, মেয়ে ইয়াসমিন ও ছোটভাই জুলহাস। এসময় তারা কবর দেখে কান্নায় ভেঙে পড়েন।