ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, সরাইল ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৭ জনকে আটক করে।
স্থানীয়রা জানান, জয়ধরকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন ও একই গোষ্ঠীর আল-আমিনের টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধ ছিল। গতকাল সকালে এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাগ্বিত-া ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে বোরহান ও আল-আমিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ।