তালেবানের আধ্যাত্মিক নেতা হাক্কানি নিহত

আফগানিস্তানের প্রভাবশালী আধ্যাত্মিক নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতি সমর্থন এবং আফগান নারীশিক্ষার প্রতি শিথিল মনোভাবের জন্য পরিচিত ছিলেন এই ধর্মীয় নেতা।  

বিবিসি জানায়, গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে রহিমুল্লাহকে লক্ষ্য করে আত্মঘাতী এক ব্যক্তি নকল পায়ের ভেতরে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়।    

এখনো কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও এর পেছনে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও আইএসের টার্গেটে পরিণত হয়েছিলেন রহিমুল্লাহ। কারণ বরাবরই আফগানিস্তানে সক্রিয় হতে চাওয়া ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) বিরোধিতা করে এসেছেন তিনি।

গত বছর তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে এটাই সবচেয়ে শীর্ষ কোনো ধর্মীয় নেতার  হত্যাকাণ্ড। নাম প্রকাশ না করে তালেবানের এক মুখপাত্র বলেন, ‘এ ঘটনা ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের জন্য অনেক বড় একটি ক্ষতি’। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। 

বিবিসি বলছে, রহিমুল্লাহর নামের সঙ্গে হাক্কানি থাকলেও তার সঙ্গে আফগান জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের কোনো সম্পৃক্ততা নেই।

সাম্প্রতিক সময়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রহিমুল্লাহ। সাক্ষাৎকারে নারীশিক্ষার পক্ষে তিনি বলেছিলেন, ‘শরিয়া আইনে নারীশিক্ষা বন্ধ করার কোনো বৈধতা দেওয়া হয়নি। বন্ধ করতে বলার কোনো বৈধতাই নেই’।