নারায়ণগঞ্জের ফতুল্লায় দুলাল হোসেন (২০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার ব্যটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত দুলাল শেরপুর জেলার জিনাইগাতি থানার দুদনই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ফতুল্লা মডেল থানার তল্লা গ্রিন রোড মির্জা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডের পশ্চিমে চানমারীস্থ বেইলি স্কুল গলির সড়কে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইলি স্কুল গলিতে রাত তিনটার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যটারিচালিত অটোরিকশা আটকিয়ে চালককে একাধিক ছুরিকাঘাত করে। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়। এরপর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহতের বড় ভাই আলাল হোসেন জানায়, নিহত দুলাল তল্লা গ্রিন রোডের স্বপনের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতো। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়। রাত একটার দিকে গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়। ভোর সাড়ে ৫টার দিকে গ্যারেজের ম্যানেজার মো. জহির তাকে ফোন করে জানায় তার ভাইকে হত্যা করে রিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।