অবশেষে ফিরছেন ঢালিউড ‘রাজকুমার’

গেল বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এরপর কেটে গেছে প্রায় ৯ মাস। ভক্তরাও অপেক্ষায় ছিলেন কবে দেশে ফিরবেন ঢালিউডের এই ‘রাজকুমার’। এমনকি তার দেশে না ফেরায় গুঞ্জনও কম শোনা যায়নি চলচ্চিত্রপাড়ায়। বিশেষ করে দুই ঈদে দর্শক প্রেক্ষাগৃহে ফেরায় অনেকে শাকিব খানকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা বলছেন, শাকিবের মনোপলির কারণেই নাকি চলচ্চিত্রশিল্প ধসে পড়েছিল। শাকিব এককভাবে সুপারস্টার ইমেজ গড়তে গিয়ে ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি করেছেন। অনেকে মজা করে বলছে, শাকিব খান যে দুই ঈদে দেশে নেই, সেই দুই ঈদের হলে দর্শক ফিরল! তার মানে কী? তাহলে কি শাকিব ছাড়াই ইন্ডাস্ট্রির চাকা মসৃণভাবে চলবে? শাকিব কি দর্শকের পছন্দসই ছবি উপহার দিতে পারছিলেন না বলেই এতদিন দর্শক ছবি দেখতে আসেনি? এমন নানা সমালোচনার পাশাপাশি শাকিবের ভক্তরা প্রতিনিয়ত প্রিয় নায়কের পাশে থেকেছেন। তারা বলছেন, শাকিব না থাকলে ঢালিউড অনেক আগেই নিঃস্ব হয়ে যেত। তিনি একাই চলচ্চিত্রশিল্পকে টিকিয়ে রাখতে লড়াই করেছেন। অনেকে এও বলেছেন, শাকিব দেশে নেই বলে চলচ্চিত্রের অনেকে ভোল বদলে তার সমালোচনা করছে।

অবশেষে শাকিব খান আসছেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। তার পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামবেন তিনি।

এর আগে ১৫ আগস্ট দেশে ফেরার কথা ছিল শাকিব খানের। কিন্তু জরুরি মিটিং থাকায় দুদিন বিলম্ব হচ্ছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, ১৫ তারিখে নিউ ইয়র্কে বিশেষ একটি কাজের মিটিং চূড়ান্ত হয়। যেখানে আমার থাকাটা খুব জরুরি। তাই টিকিট চেঞ্জ করতে চয়েছে। সবকিছু চূড়ান্ত। ১৭ আগস্ট ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ। গত বছর ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান ঢালিউডের এ মেগাতারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি বলে জানান তিনি। জানা যায়, শাকিব খানের গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় গত ২৯ জুলাই। এর মধ্যে যুক্তরাষ্ট্রে শাকিব তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।

জানা যায়, দেশে ফিরে শাকিব খান তার পরিবারকে সময় দেবেন। প্রস্তুতি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) থেকে সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ (সম্ভাব্য নাম) নামে নতুন ছবির শ্যুটিং শুরু করবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন।।