দাগ-ছোপ কমাতে

ত্বকে মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থ যদি কোথাও অতিরিক্ত সঞ্চিত হয়, তবে সেই অংশে দাগ-ছোপ তৈরি হতে পারে। একে স্কিন পিগমেন্টেশন বলে। মেলানিনের সঞ্চয় খুব বেড়ে গেলে দেখা দিতে পারে হাইপার পিগমেন্টেশন। বাড়িতে তৈরি কয়েকটি টোটকাতেই মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে।

মুলতানি মাটি

বহু যুগ আগে থেকে ত্বক চর্চায় ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি ও মধু। শুধু দাগ-ছোপ কমাতেই নয়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কাজে আসতে পারে মুলতানি মাটি ও মধুর মিশ্রণ। মুলতানি মাটি ও চন্দনগুঁড়োর সঙ্গে আধ চামচ মধু ও দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন। প্রথমে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে ভালো করে মুখ মুছে মিশ্রণটি লাগিয়ে নিন মুখে। ২৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন।

কাঠবাদাম ও কাঁচা দুধ

কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে কাঠবাদামগুলো ব্লেন্ডারে ঘুরিয়ে কিংবা ভালো করে বেটে পেস্ট করে নিন। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো কাঁচা দুধ। এক টুকরো তুলো মিশ্রণে ভিজিয়ে মুখে মেখে নিন মিশ্রণ। ২০ মিনিট পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিন মুখ।

পেঁপে

পেঁপেতে পাপাইন নামক একটি প্রাকৃতিক উৎসেচক থাকে। এই উৎসেচক মুখের দাগ-ছোপ কমাতে কাজে আসতে পারে। অর্ধেক কাঁচা পেঁপে ভালো করে কুড়িয়ে নিন। সঙ্গে মিশিয়ে দিন চার চামচ কাঁচা দুধ। ২০ মিনিট মুখে মেখে রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।