তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির পেট্রলবোমা বাহিনী মাঠে নেমেছে। তাদের প্রতিরোধ করতে হবে। পেট্রলবোমা বাহিনীকে দেখলে আমরা ঘরে বসে থাকব না। যারা মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির দাম বাড়াতে বিএনপি একটু লাফাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের দাম দ্বিগুণ হয়েছে। আমাদের তেলের দাম ৩৮ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অথচ যাদের অর্থনীতি আমাদের চেয়ে শক্তিশালী, তাদের দেশে তেলের দাম অনেক বেশি।’
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, মাস্টার আসলাম খান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।