পানির পাত্রে হাত দেয়ায় ছাত্রকে পিটিয়ে হত্যা, শিক্ষক গ্রেপ্তার

ভারতের রাজস্থানের জালোরে শিক্ষকের পিটুনিতে নয় বছরের এক দলিত ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। রাজস্থানের জালোর জেলার একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, জালোর জেলার সুরানা গ্রামের একটি স্কুলে পানির পাত্রে হাত দিয়েছিল ইন্দ্র মেঘওয়াল নামের ওই ছাত্র। তার জেরেই গত ২০ জুলাই তাকে চালি সিংহ নামে এক শিক্ষক মারধর করেন বলে অভিযোগ।

জখম অবস্থায় ছাত্রটিকে গুজরাটের আমদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার ওই ছাত্রের মৃত্যু হয়।

এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন ও এসসিএসটি আইনে মামলা করা হয়েছে।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্যের শিক্ষা দপ্তর।

জালোরের পুলিশ সুপার হর্ষবর্ধন অগ্রবাল জানিয়েছেন, ছাত্রটিকে বেধড়ক মারধর করা হয়েছিল। পানীয় জলের পাত্র ছোঁয়ায় মারধর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃত ছাত্রের বাবা দাবি করেছেন, ‘তার ছেলের মুখ, কানে আঘাতের চিহ্ন রয়েছে। মারের চোটে অচৈতন্য পড়েছিল সে।’

তিনি আরও জানান, তার ছেলেকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উদয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না ঘটায় তাকে আমদাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

টুইটারে তিনি লিখেছেন, ‘জালোরের এক বেসরকারি স্কুলে শিক্ষকের মারে ছাত্রের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। খুন ও এসসিএসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।’