ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে রাজস্থানের কোটা জেলার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের সিমলিয়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর আনন্দবাজার-এর।
রাজস্থান পুলিশ জানায়, মধ্যপ্রদেশ থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি টেম্পো ট্রাভেলার মিনিবাস রাজস্থানের খ্যাতনামা খাটুশ্যাম মন্দিরের দিকে যাচ্ছিল। পথে চালক ঘুমিয়ে পড়ায় ২০ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে যানটি ডিভাইডার ও সড়কের রেলিং ভেঙে প্রায় ২০ ফুট নিচে একটি পয়েন্টঃপ্রণালীতে গিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দূর্যোগ প্রতিক্রিয়া দল উদ্ধারকাজে নেমে পড়ে। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। আঘাতপ্রাপ্তদের দ্রুত উদ্ধার করে কোটার এমবিএস হাসপাতাল এবং নিউ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে আশঙ্কাজনক রোগীদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর কোটার জেলা কালেক্টর পীযূষ সামারিয়া এবং আইজি হরেন্দ্র মহাবর হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।